শিক্ষকদের নৈতিক অবক্ষয় রোধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়
স্কুল ও কলেজের শিক্ষকদের নৈতিক অবক্ষয় প্রতিরোধে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ২১ জুলাই ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডাকা হয়েছে।দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শিক্ষক’ নামধারী ব্যক্তিদের মাধ্যমে ছাত্রী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নামধারী কিছু ব্যক্তি ছাত্রীদের ওপর নানাভাবে নির্যাতন করছেন। মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্বিগ্ন। এ ধরনের গর্হিত কর্মকাণ্ড রোধে সারা দেশে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিগগির উদ্যোগ নেওয়া হবে।সভায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, শিক্ষা আইন প্রণয়ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্যাদির উত্তরণ এবং শিক্ষা খাতের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দিনাজপুর, যশোর ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি পর্যালোচনা, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, এমপিও, পাঠদান-স্বীকৃতি ও শাখা খোলার বিষয়েও সভায় আলোচনা হয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন।সভায় মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোকে মুহ্যমান ছাত্রছাত্রীদের মানসিক মনোবল স্বাভাবিক করতে শিগগির মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।