শিক্ষকদের পদোন্নতি বহালের দাবি
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদোন্নতি বহাল রাখার দাবিতে গতকাল বুধবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক সমিতি মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুরাদনগর উপজেলা সভাপতি অলিউল্লাহ সুলতানী, মুরাদনগর উপজেলা কমিটির সহসভাপতি পিয়ারা বেগম, সাধারণ সম্পাদক মনিরুল হক, সহসম্পাদক শিরিনা আক্তার, অর্থ সম্পাদক আলী আকবর চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদোন্নতি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। জানতে চাইলে মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি অলিউল্লাহ সুলতানী প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার সময় সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। পরে যোগ্যতার মাপকাঠিতে তাঁদের মধ্যে একজনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ১৮ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকেরাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের ১৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদোন্নতি বহাল রেখে এক আদেশ জারি করা হয়। ২০১১ সালের ২৪ মে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলোকে রেজিস্টার্ড বিদ্যালয়ে উন্নীত করা হয়। রেজিস্টার্ড বিদ্যালয়গুলোকে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয় চলতি বছরের ১ জানুয়ারি। গত ২৪ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক পরিপত্রে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করা হয়।