শিক্ষকদের পর এবার শিক্ষার্থীদের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সায়াদ হত্যাকাণ্ডের ঘটনায়  শিক্ষকদের পর আজ বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা দুটি দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন। আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে দাবি না মানলে আবার কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানান তাঁরা।

গতকাল বুধবার শিক্ষক সমিতি তিনটি দাবি তুলে আগামী সোমবার পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দেয়। সভায় শিক্ষক সমিতির সিদ্ধান্তে যেসব দাবি করা হয় সেগুলো হলো—নতুন কমিটি গঠন করে যথাযথ তদন্ত, দায়িত্বে অবহেলার জন্য ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি ও আশরাফুল হক হলের প্রভোস্টকে অপসারণ এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে টাস্ক ফোর্স গঠন করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা ও পুলিশি তদন্তের অগ্রগতি সবাইকে জানানো।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে সমবেত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দুটি দাবি জানিয়ে আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দেন তাঁরা। এই দুটি দাবি হলো—আগামী মঙ্গলবারের মধ্যে বহিষ্কৃত ছয় শিক্ষার্থীর বাকি চারজনকে গ্রেপ্তার এবং নতুন কমিটি করে অধিকতর তদন্তের মাধ্যমে সব খুনিকে শাস্তির আওতায় আনা।

গত ৩০ মার্চ মাত্স্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের ছাত্র সায়াদকে পিটিয়ে আহত করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ১ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান।