মানোন্নয়নের কথা বলে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকের পরীক্ষা নিল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার স্কুলটির শেওড়াপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এখানে প্রায় ৬০০ শিক্ষক আছেন। এর মধ্যে প্রায় ৭০ জন শিক্ষক এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া)।
কয়েকজন শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মানোন্নয়নের কথা বলা হলেও কার্যত এই পরীক্ষার নামে এমপিওভুক্ত শিক্ষকদের বাদ দেওয়ার পাঁয়তারা চলছে। কারণ, এমপিওভুক্তদের বাদ দিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানটি পুরোপুরি বেসরকারিভাবে পরিচালনা করা যাবে। তখন পরিচালনা পরিষদ ইচ্ছামতো প্রতিষ্ঠান চালাতে পারবে।
বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ১০০ নম্বরের এই পরীক্ষা। গতকাল শেওড়াপাড়া ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বেলা দুইটার পর থেকেই দলে দলে শিক্ষকেরা ক্যাম্পাসে আসছেন। এ সময় কয়েকজন শিক্ষকের কাছে কিসের পরীক্ষা জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি। সবাই হেসে হেসে পাশ কাটিয়ে চলে যান।
পরীক্ষা শেষে একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, শেষ ডিগ্রির অধ্যয়নের বিষয় ও সাধারণ জ্ঞানের ওপর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আদলে তাঁদের পরীক্ষা দিতে হয়েছে। তিনি বলেন, মূলত এই পরীক্ষার নামে অনেককে বাদ দেওয়া হবে। এই শিক্ষক বলেন, শিক্ষকদের মানোন্নয়ন করতে চাইলে প্রশিক্ষক ও কর্মশালার মাধ্যমে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা যেত। কিন্তু তা না করে পরীক্ষা নেওয়া হলো। এটা নিয়ে শিক্ষকেরা ক্ষুব্ধ ও অপমানবোধ করলেও চাকরি হারানোর ভয়ে কেউ মুখ খুলছেন না।
আরেকজন শিক্ষক বলেন, পরিচালনা পরিষদ চাইছে এখানে যেসব শিক্ষক এমপিওভুক্ত আছেন তাঁরা এমপিও প্রত্যাহার করে নিন বা চলে যান। এ জন্যই নানা কৌশল অবলম্বন করা হচ্ছে।
পরীক্ষা দিয়ে ফেরার সময় এক শিক্ষক জানান, পরীক্ষা শুরুর আগে পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার বক্তব্য দেন। এ সময় তিনি এই পরীক্ষার মাধ্যমে কারও চাকরি যাবে না বলে আশ্বাস দেন। এর আগে কলেজটির অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, মানোন্নয়নের জন্যই এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে কারও সমস্যা হবে না।