শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশ করেছেন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা।এদিকে ওই কর্মসূচির প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ’-এর ব্যানারে শিক্ষকদের অপর একটি অংশ।উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকেরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে তাঁদের স্থাপিত উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে এসে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।এরপর সেখানে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, অধ্যাপক নইম সুলতান, সোমা মোমতাজ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান উপাচার্য অতীত ভুলে স্বৈরাচারী পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ লঙ্ঘন করে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক অন্যায় ও দুর্নীতির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। তাঁরা বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের রাস্তার এক পাশে মানববন্ধন করেন ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ’-এর ব্যানারে শিক্ষকদের অপর একটি অংশ। মানববন্ধনে অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক বদিয়ার রহমান, অধ্যাপক আরজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক, ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। সভায় আন্দোলনরত শিক্ষক ও প্রশাসন উভয় পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য অধ্যাপক সৈয়দ শফিউল্লাহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংলাপ কমিটি গঠন করা হয়।