জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমদের হত্যার ঘটনায় শিক্ষকদের দুই পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন।সাত দফা দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে শোকযাত্রা বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শোকযাত্রা শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমাজের ব্যানারে গঠিত আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, এম এ মতিন, এ টি এম আতিকুর রহমান, মানস কুমার চৌধুরী প্রমুখ।এর আগে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে শিক্ষকদের অপর একটি অংশ সকাল ১০টার দিকে পুরাতন কলাভবন থেকে মৌন মিছিল বের করে। মিছিলে তাঁরা ‘শিক্ষক সমাজের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল, শিক্ষা কার্যক্রম ও পঞ্চম সমাবর্তন বাধাগ্রস্ত করার অভিযোগ আনেন। মিছিলটি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে অধ্যাপক মো. আমির হোসেন, আবুল খায়ের, মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, জুবায়ের হত্যার বিষয়টি নিয়ে শিক্ষকদের একটি অংশ অপরাজনীতি করছে। এ সময় ওই শিক্ষকেরাও সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ রোববার ক্যাম্পাসে মানববন্ধন, কাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানিয়ে আচার্য ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান, ১৪ ফেব্রুয়ারি মতবিনিময়, ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন, ১৬ ফেব্রুয়ারি আলোচনা সভা ও ১৮ ফেব্রুয়ারি সমাবেশ। অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও জুবায়ের হত্যা ঘটনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি অবিলম্বে প্রক্টরিয়াল বডির পুনর্গঠনসহ সাত দফা দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।ছাত্রলীগের হামলায় গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমদের মৃত্যু হয়। এর পর থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। সর্বশেষ গত বুধবার তাঁরা সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ওই ঘটনার পর গতকাল শিক্ষকদের আরেক পক্ষ সাত দিনের কর্মসূচি ঘোষণা করে।