শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা ধর্মঘট ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে শিক্ষক সমাজের এ কর্মসূচির প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে গতকাল মানববন্ধন করেছে শিক্ষকদের অপর পক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পূর্বঘোষিত কর্মসূচির তৃতীয় দিনে ধর্মঘট কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকেরা। তাঁরা সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের সামনের বারান্দায় বসে অবরোধ কর্মসূচি পালন করেন। এ ছাড়া তাঁরা দুপুর সাড়ে ১২টায় অবরোধ শেষে ভবনের সামনে স্থাপিত উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে সমাবেশের আয়োজন করেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক মো. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধন করে শিক্ষকদের অপর একটি পক্ষ। তারা শিক্ষক সমাজের কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষাকার্যক্রম ব্যাহত ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে এ কর্মসূচি পালন করেন। এ সময় কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মো. নূরুল আলম, অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষকদের এ পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি বলে জানা গেছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। স্বাভাবিক গতিতে চলছে একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড। ‘শিক্ষক সমাজের’ উপাচার্যের অফিস ঘেরাও এবং সমাবেশ কর্মসূচি একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আফসার আহমদ বলেন, আন্দোলনরত শিক্ষকদের উপাচার্যের পদত্যাগের দাবিটি অযৌক্তিক। তবে উপাচার্য নির্বাচনের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে এ নির্বাচন হতে হবে। তবে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ক্ষমতা কুক্ষিগত এবং অন্যায়কে প্রতিহত করার লক্ষ্যে যৌক্তিক কারণেই উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়েছে।