শিক্ষকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন তিন ছাত্র গ্রেপ্তার
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া এবং আন্দোলনের নেতৃত্বাধীন শিক্ষকেরা গতকাল শুক্রবার পৃথক সংবাদ সম্মেলন করেছেন। উভয় পক্ষই জানিয়েছে, তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকবে।এদিকে হামলার শিকার এক শিক্ষক গতকাল মামলা করেছেন। পুলিশ মামলার আসামি তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে।আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বহিরাগত ক্যাডারদের হামলায় আহত দুই শিক্ষকের অবস্থার উন্নতি হয়েছে। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুজনের চোখের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত বৃহস্পতিবার ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে দুই শিক্ষকের চোখে পড়ে। এদিকে গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন উপাচার্য। এক সপ্তাহের আন্দোলনের মধ্যে এই প্রথম সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘কতিপয় শিক্ষক মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নামান। আমি আমার অবস্থান থেকে কখনোই পিছপা হব না।’বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা এই শীতের রাতে আমরণ অনশনে কষ্ট পাবেন বলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।’ অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকেরা বেলা সাড়ে তিনটায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘উপাচার্যের পদত্যাগ ছাড়া আমরা পিছপা হব না। উপাচার্য পদত্যাগ না করলে যেদিন বিশ্ববিদ্যালয় খুলবে, সেদিন থেকেই পুনরায় আমরণ অনশন শুরু করা হবে।’ মামলা, গ্রেপ্তার তিন: বৃহস্পতিবারের হামলার ঘটনায় গতকাল সন্ধ্যায় রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন আহত শিক্ষক তুহিন ওয়াদুদ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, মামলায় বিশ্ববিদ্যালয়ের নয় ছাত্রকে আসামি করা হয়েছে। মামলার পরপরই রাত নয়টার দিকে ক্যাম্পাসের পাশের মডার্ন মোড় এলাকা থেকে অভিযুক্ত তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেহেদি হাসান, হিসাববিজ্ঞানের মোহাম্মদ আলী ও কম্পিউটার সায়েন্সের হাদিউজ্জামান। আসকের উদ্বেগ: আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বহিরাগত ক্যাডারদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে শিক্ষক-শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। উপাচার্যের পক্ষ নিয়ে ছাত্রসংগঠনের এই ধরনের হামলা অনভিপ্রেত ও নিন্দনীয়। ছাত্রলীগের প্রতিবাদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ‘ছাত্রলীগকে জড়িয়ে’ সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গতকাল এক প্রতিবাদপত্রে বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। এমনকি সেখানে ছাত্রলীগের কোনো কমিটিও গঠন করা হয়নি। তাই সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর কোনো ভিত্তি নেই।