সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আজ রোববার আন্দোলনকারী শিক্ষকেরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন।
গত ৩০ আগস্ট শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকদের মোর্চা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ টানা তিন দিনের প্রতিবাদ কর্মসূচি পালন শেষে গত বৃহস্পতিবার প্রতীকী অনশন পালন করে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীরাও আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে একাত্ম হন। উপাচার্যকে পদত্যাগ করতে দুই দিনের সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল, দুই দিনের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে রোববার থেকে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করা হবে।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর পক্ষে অধ্যাপক মস্তাবুর রহমান গতকাল বলেন, ‘উপাচার্যকে পদত্যাগের জন্য দুই দিনের সময় বেঁধে দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আমাদের কর্মসূচি ভিন্ন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত টানা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব।’ শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি নিয়ে উপাচার্য গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের উসকে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করে শিক্ষকদের একাংশ। আবার এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। গত ৩০ আগস্ট সকালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করেন উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থী ব্যানারের ছাত্রলীগের কর্মীরা। ৩১ আগস্ট শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের কর্মী চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।