ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ক্যানটিনের সামনে কয়েকটি চেয়ারে অলস সময় কাটাচ্ছেন ছয়-সাতজন শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুর। আড্ডার বিষয়, শিক্ষকদের চলমান আন্দোলন। কেউ সমালোচনা করছেন, আর কেউ সমর্থন।
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। পরিচয় দিয়ে আড্ডায় যোগ দিলে একজন বললেন, ‘আন্দোলন তো ভালোই। অনেক দিন ছুটি পাই না..।’ বলেই গম্ভীর হয়ে গেলেন মার্কেটিং বিভাগের ছাত্র হাসানুল বারী। বললেন, ‘তবে মনে হচ্ছে শিক্ষকেরা ভালোই ফেঁসেছেন। দাবি আদায় সহজ হবে না।’ তাঁর কথা কেড়ে নিয়ে সহপাঠী তাসনুভা শারমিন বলেন, ‘আরে না। সিদ্ধান্তে অটল থাকতে পারলে বেশি দিন লাগবে না।’
তাসনুভার মতে, শিক্ষকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। যৌক্তিক দাবির জন্য আট মাস ধরে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার। এখন ক্লাস-পরীক্ষা বন্ধের সময় হয়েছে। তাঁদেরই আরেক সহপাঠী অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জুবায়ের হোসেন বলেন, ‘সেশনজট নাই তো। তাই টের পাচ্ছ না। অনেক ভার্সিটিতেই দীর্ঘ সেশনজট আছে। ওদের কথা চিন্তা করো।’
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের এই আন্দোলনে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে শিক্ষকদের পক্ষে থেকেই তাঁদের দাবি সরকারের কাছে, যেন খুব দ্রুত সমস্যার সমাধান করা হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাদিয়া জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সরকার শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুক। নইলে আমরাই ক্ষতিগ্রস্ত হব।’ এমনিতেই বিশ্ববিদ্যালয়ে বিভাগভেদে এক থেকে দেড় বছরের সেশনজট রয়েছে বলে জানালেন অর্থনীতি বিভাগের ছাত্র তন্ময় মোদক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আবু হুরায়রা বললেন, ভবিষ্যতে শিক্ষকদের মর্যাদা যেন সমুন্নত থাকে, সে জন্য শিক্ষার্থীদের যদি সাময়িক ক্ষতি হয়, তা মেনে নেওয়া উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রফিকুল ইসলাম বলেন, শিক্ষকেরা চাইলে বন্ধের দিন ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে পারেন। অতীতে এমনটি দেখাও গেছে। তাই তাঁদের সম্মান পুনরুদ্ধারে শিক্ষার্থীদের সহযোগিতা করা উচিত।
সম্পূর্ণ ভিন্ন কথা বললেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী জোবায়দা জ্যোতি। তিনি বলেন, ‘শিক্ষকেরা আন্দোলন করতে পারেন। কিন্তু ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কেন? তাঁরা নিজেদের স্বার্থে আমাদের পিছিয়ে দিচ্ছেন।’ প্রায় একই বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের রাকিব হাসানের। তিনি বলেন, শিক্ষার্থীদের এভাবে জিম্মি করে দাবি আদায় কতটুকু যৌক্তিক, তা নিয়ে ভাবার প্রয়োজন আছে।
ছাত্র সংগঠনের নেতারাও শিক্ষকদের আন্দোলনের পক্ষে। সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিতে না গিয়ে শিক্ষকেরা যদি প্রধানমন্ত্রীর কাছে যান, তবে আশা করা যায় বিষয়টির সমাধান হবে। যদি তাঁদের দাবি যৌক্তিক হয়, তবে প্রাপ্য সম্মান পাবেন।
তবে তাঁরা চান, শিক্ষার্থীদের ক্ষতি না করে যেন শিক্ষকেরা আন্দোলন করেন। জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী বলেন, ‘শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামো খুব জরুরি। তবে নতুন বছরে শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেটাই চাইব। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, যেন শিক্ষকদের দাবি পূরণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করে।’
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন জাহাঙ্গীরনগর, রাজশাহী ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)