শিক্ষকদের ফাইেল স্বাক্ষর না করার সিদ্ধান্ত কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দাপ্তরিক কোনো ফাইলে স্বাক্ষর করবেন না বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। কর্মকর্তাদের কয়েক দফা দাবি পর্যালোচনায় উপাচার্য গঠিত কমিটি অনিয়মতান্ত্রিক আখ্যায়িত করে শিক্ষক সমিতি তা মেনে না নেওয়ায় কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। এর সুষ্ঠু সুরাহার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রারের বেতন স্কেল নির্ধারিত সময় পর ২৫ হাজার ৭৫০ টাকা করাসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। কর্মকর্তাদের দাবি পর্যালোচনার জন্য উপাচার্য আবদুল হাকিম সরকার ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন শামসুল আলমকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরাও আছেন।
কর্মকর্তা সূত্র জানায়, শিক্ষক প্রতিনিধিরা কমিটির দুটি বৈঠকে উপস্থিত থাকলেও এখন তাঁরা কমিটিকে অনিয়মতান্ত্রিক আখ্যায়িত করছেন। তাঁরা এ কমিটি ভেঙে দিয়ে সিন্ডিকেট অনুমোদিত একটি কমিটি গঠন করার দাবি জানাচ্ছেন। শিক্ষক প্রতিনিধিদের এই দাবির প্রতিবাদে গতকাল বুধবার ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের কার্যালয়ে কর্মকর্তারা একটি বৈঠক করেন। শিক্ষকদের কোনো দাপ্তরিক ফাইলে স্বাক্ষর করবেন না বলে কর্মকর্তাদের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল বলেন, ‘শিক্ষক প্রতিনিধিরা কমিটির পরপর দুটি বৈঠকে উপস্থিত ছিলেন। তখন তাঁরা কমিটি নিয়ে কোনো প্রশ্ন করেননি। এখন হঠাৎ করে তাঁরা কেন কমিটিকে অনিয়মতান্ত্রিক আখ্যায়িত করছেন তা আমার কাছে বোধগম্য নয়।’ উপাচার্য এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কর্মকর্তারা শিক্ষকদের কোনো ফাইলে স্বাক্ষর করবেন না বলে তিনি জানান।
শিক্ষক সমিতির বিবৃতি: এদিকে কর্মকর্তাদের দাবি পর্যালোচনার জন্য উপাচার্য গঠিত কমিটি অনিয়মতান্ত্রিক আখ্যায়িত করে বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অলী উল্যাহ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, কমিটিতে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে সদস্য হিসেবে রাখা হলেও বর্তমানে পদ দুটি শূন্য থাকায় ওই কমিটিতে এখন ত্রুটি থেকে গেছে। এ জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা দরকার। শিক্ষক সমিতি কর্মকর্তাদের দাবির ব্যাপারে সহানুভূতিশীল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।