শিক্ষকদের বাধার মুখে স্থগিত ডিজিটাল উপস্থিতি পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার দুদিন আগে শিক্ষকদের আপত্তির মুখে স্থগিত হয়ে গেল ডিজিটাল উপস্থিতি পর্যবেক্ষণ-পদ্ধতি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রতিটি বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
কাল ১ অক্টোবর থেকে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স মনিটরিং সিস্টেম’ চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এই পদ্ধতি নিয়ে আপত্তি তোলে। তাদের চাপের মুখে পদ্ধতিটি স্থগিত করে কর্তৃপক্ষ।
ডিজিটাল উপস্থিতি পর্যবেক্ষণ-পদ্ধতি প্রত্যাহারের দাবি নিয়ে ২৭ সেপ্টেম্বর উপাচার্যের সঙ্গে দেখা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম। একই দিনে প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদের নেতৃত্বে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় উপাচার্যকে। অভিযোগে উল্লেখ করা হয়, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের স্বাধীনতা খর্ব করে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এভাবে শৃঙ্খলিত করা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মুক্তচিন্তার পরিপন্থী। তাঁদের মতে, জ্ঞান বিতরণের কোনো সময় নেই। সেটা সকাল, বিকেল, রাত যেকোনো সময় হতে পারে। ’৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী শিক্ষকেরা শুধু বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। কিন্তু ডিজিটাল উপস্থিতি পর্যবেক্ষণ-পদ্ধতিতে তাঁদের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের অনেক প্রক্রিয়া চলছে, তার একটা অংশ অ্যাটেনডেন্স। হয়তো একটু ভুল-বোঝাবুঝি আছে। তাই আপাতত স্থগিত করা হয়েছে।