শিক্ষকদের বাসা বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসা বরাদ্দ নিয়ে উপাচার্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম।
তবে অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলেন, সহ-উপাচার্যের (প্রশাসন) সঙ্গে আলোচনা করে সঠিকভাবেই বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম অনিয়মতান্ত্রিকভাবে বাসা বরাদ্দের প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদের কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ অনিয়মের সমাধান না হলে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সহ-উপাচার্যের (প্রশাসন) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তাঁরা জানান।
নুরুল ইসলাম বলেন, ‘সহ-উপাচার্য (প্রশাসন) প্রথমে আমাদের আশ্বাস দিয়েছেন, নিয়ম মেনেই বাসা বরাদ্দ দেওয়া হবে। কিন্তু পরে সেই কথা রাখা হয়নি। আর বর্তমান উপাচার্যের সঙ্গে যেহেতু কোনো আলোচনায় আমরা যাব না, সেহেতু এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি।’ প্রশাসন-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সি-৫৪ বাসাটির জন্য আবেদন করেছিলেন চারজন শিক্ষক। এর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে বাসাটি পাওয়ার কথা ছিল মোস্তফা নাজমুল মানছুর বা নুরুল ইসলামের। কিন্তু তা না করে বাসা বরাদ্দ দেওয়া হয় দর্শন বিভাগের একজন শিক্ষককে।
সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘আমরা এ অনিয়মের প্রতিবাদ জানাই।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন বলেন, ‘এ অনিয়মের ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি।’