শিক্ষকদের বাসায় হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটিপূর্ণ এজাহারের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় হামলার ঘটনায় মামলা নেননি সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে ওসি রেজিস্ট্রারের দায়ের করা মামলার আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেন। গতকাল সোমবার রেজিস্ট্রার ওই মামলা গ্রহণ করার জন্য ওসির কাছে চিঠি পাঠান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেন এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিখা আক্তারের সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার নাজির ভিলা ভাড়া বাসায় অতর্কিতভাবে হামলা চালানো হয়। এ সময় তারিক হোসেনকে বেঁধে ফেলা হয়। একই সঙ্গে আশিখা আক্তারের শ্বশুরকে চাপাতি দিয়ে কোপানো হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলা করার দাবি জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা না করায় ওই দিনই শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দেয়।

পরবর্তী সময়ে আরও পাঁচটি দাবি অন্তর্ভুক্ত করে ২২ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করে শিক্ষক সমিতি। এর পরিপ্রেক্ষিতে গত রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করতে যান। তখন সহকারী অধ্যাপক তারিক হোসেনের আবেদনটি ফটোকপি থাকায় মামলা নেয়নি পুলিশ। গতকাল রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনপত্রের মূল কপি থানায় পৌঁছানো হয়। একই সঙ্গে রেজিস্ট্রারের আবেদনও যুক্ত করা হয়। কিন্তু থানার ওসি রেজিস্ট্রারের আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে রেজিস্ট্রারকে আবেদনপত্র মামলা হিসেবে গ্রহণ করতে আইনি জটিলতার ব্যাখ্যা দিয়ে একটি চিঠি দেন ওসি।

এ প্রসঙ্গে ওসি নজরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষককে নিজে এসে মামলার এজাহার ওসির কাছে দায়ের করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে করলে হবে না। এজাহারে নানা ধরনের তথ্য ও উপাত্ত যুক্ত করতে হয়। কিন্তু তারিক হোসেনের এজাহার ত্রুটিপূর্ণ। এ ধরনের এজাহার মামলা হিসেবে গ্রহণ করলে আদালতে ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। যার দায়দায়িত্ব পুলিশের ওপর বর্তাবে। তাই আমরা মামলা নিইনি।’

রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ‘মামলা বিধি মোতাবেক হয়নি বলে পুলিশ আমাদের জানিয়েছে। তাই তারা মামলা নেয়নি।’