শিক্ষকদের বাসায় হামলার প্রতিবাদে ক্লাস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের বাসায় হামলা এবং একজন শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষক সমিতির ডাকে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। এতে করে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে পাঠদান বন্ধ ছিল। তবে চারটি বিভাগে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ছয় দফা দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা একটায় উপাচার্য মো. আলী আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে। সমিতির সভাপতি মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপাচার্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। উপাচার্য এ বিষয়ে করণীয় কী তা ভেবে দেখবেন বলে সমিতিকে আশ্বস্ত করেন।
শিক্ষক সমিতির ছয় দফা দাবি হলো গত বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার দ্রুত রহস্য উদ্ঘাটন, হামলাকারী ও তাঁর মদদদাতার গ্রেপ্তার ও বিচার করা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াতকে মারার জন্য তেড়ে আসা শিক্ষক এম এম শরীফুল করীমকে বিভাগীয় প্রধান, ডিন ও সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি প্রদান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে শিক্ষক সমিতির সভাপতিকে অন্তর্ভুক্তি, বিভিন্ন ঘটনায় বিতর্কিত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি, উপাচার্যের উপস্থিতিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের ওপর হামলাকারী রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমানকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) থেকে অপসারণ ও বিচার করা এবং ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী তাঁর লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আর এ বিচারহীনতার সংস্কৃতির সুযোগে কতিপয় সন্ত্রাসী শিক্ষকদের ওপর হামলা করছে। ছাত্র হত্যার মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে। এ অবস্থায় এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আজ নিরাপদ নয়। আগামী শনিবারের মধ্যে এসব দাবিদাওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে রোববার থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত হয়। শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার সভা করে ওই সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, শিক্ষক সমিতিসহ সব মহলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আলোচনার মাধ্যমেই সংকট থেকে উত্তরণ হওয়া যাবে।
গত বুধবার ভোর চারটায় কুমিল্লার কোটবাড়ী এলাকার শালবন বৌদ্ধবিহারের পূর্ব-দক্ষিণ কোনায় নাজির ভিলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান এবং তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেন এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিখা আক্তারের দ্বিতীয় তলার ভাড়া বাসায় হামলা হয়। এ সময় শিক্ষক আশিখা আক্তারের শ্বশুর সিদ্দিকুর রহমানকে (৬৯) চাপাতি দিয়ে হাতে আঘাত করা হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াতকে একই বিভাগের এক শিক্ষক মারার জন্য তেড়ে আসেন ও গালাগাল করেন। ওই তিন ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি ক্লাস বর্জন করে। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা দাবি করেন।