ক্লাস ফাঁকি দেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় শিক্ষকেরা নম্বর কম দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের অধিকাংশ শিক্ষকই তাঁদের নির্ধারিত ক্লাস না নিয়ে ওই সময়ে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। শিক্ষার্থীদের দেওয়া তথ্য মতে, তৃতীয় বর্ষের প্রথম দিককার প্রায় তিন মাস সময়ে প্রভাষক শেখ মোহাম্মদ মামুন কবিরের ক্লাস নেওয়ার কথা ছিল ১৮টি। কিন্তু তিনি নেন মাত্র আটটি। প্রভাষক আবদুল্লাহিল কাফি নেন ১৭টির মধ্যে ১০টি। সহকারী অধ্যাপক আবদুল হান্নান ১৮টির মধ্যে আটটি। এভাবে অন্যান্য শিক্ষকও নির্ধারিত ক্লাসের চেয়ে কম ক্লাস নিয়েছেন। তবে ব্যতিক্রম শুধু সহকারী অধ্যাপক আবদুস সহিদ। তিনি সব ক্লাস ঠিকমতো নিয়েছেন। বিষয়টি ওই সময় বিভাগীয় প্রধান মোহাম্মদ খালেদ খলিল ও উপাচার্য এম সবদার আলীকে জানানো হয়। তাঁরা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও তা হিতে বিপরীত হয়েছে বলে শিক্ষার্থীরা জানান। অভিযুক্ত শিক্ষকেরা ক্লাসে এসে শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতে থাকেন, ‘আমরা যেভাবে খুশি ক্লাস নেব। অভিযোগ করে লাভ হবে না। পরীক্ষার খাতায় মজা দেখাব।’ শিক্ষার্থীরা জানান, এ ধরনের কথা সবচেয়ে বেশি বলেন প্রভাষক মামুন কবির। এরপর পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা এসব হুমকির বাস্তবতা টের পান। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, গ্রেড শিট তোলার পর ছাত্ররা দেখেন তিনজন শিক্ষক তাঁদের তুলনামূলকভাবে অনেক কম নম্বর দিয়েছেন। এই শিক্ষকেরা হলেন প্রভাষক শাহজালাল খন্দকার, মামুন কবির ও মোহাম্মদ জাকারিয়া। এতে গড়ে তাঁদের সবার ফলাফল খারাপ হয়েছে। শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষে তাঁদের সর্বোচ্চ জিপিএ-৩.৬৮ ছিল। দ্বিতীয় বর্ষের প্রথম পর্বে ছিল ৩.৯১। দ্বিতীয় বর্ষ দ্বিতীয় পর্বে ছিল ৩.৭২। আর এবার অর্থাৎ তৃতীয় বর্ষের প্রথম পর্বে জিপিএ নেমে এসেছে একেবারে ৩.৩০-এ। শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রতি পর্বে মেধা তালিকায় যাঁরা প্রথম হন তাঁদের অধিকাংশেরই জিপিএ ৩.৯০-এর ওপরে থাকে। এবার আগেরগুলোতে তাঁরা এত কম নম্বর পেলে পরবর্তী সময়েও তাঁদের ফল খারাপ হবে। কারণ, গ্রেডিং পদ্ধতিতে ফল নির্ধারিত হওয়ায় এক পর্বে খারাপ করলে পরে এর প্রভাব পড়ে। বিভাগের প্রধান মোহাম্মদ খালেদ খলিল জানান, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর তিনি শিক্ষকদের সঙ্গে আলাপ করেন। তবে রাগের বশবর্তী হয়ে কোনো শিক্ষকের এভাবে কম নম্বর দেওয়ার কথা না। হয়তো শিক্ষার্থীরা এমনিতেই খারাপ করেছে। কিন্তু শিক্ষকদের আগের আচরণের কারণে তাদের দায়ী করছে। তারপরও বিষয়টি তিনি দেখবেন বলে জানান।অভিযুক্ত প্রভাষক মামুন শিক্ষার্থীদের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি নিয়মিত ক্লাস নিয়েছি। শিক্ষার্থীরা যে যতটুকু লিখছে তাকে তো ততটুকুই নম্বর দেওয়া হবে। এর বেশি তো দেওয়া সম্ভব নয়। আগে অবশ্য ল্যাবে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের ঢালাও নম্বর দেওয়া হতো। কিন্তু এখন পর্যাপ্ত যন্ত্রপাতি থাকায় যাচাই-বাছাই করেই নম্বর দেওয়া হচ্ছে। তাই হয়তো নম্বর কিছুটা কমে গেছে।