শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গত রোববার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে। সংশ্লিষ্ট সূত্রে গেছে, উপজেলার হোগলা ইউনিয়নে অবস্থিত সাধুপাড়া উচ্চবিদ্যালয়ের ৭০ শতক জমি হোগলা গ্রামের দুলাল মিয়ার কাছে দীর্ঘদিন ধরে বর্গা ছিল। গত বোরো মৌসুমে ওই জমিতে ধান আবাদ করে বিদ্যালয়কে না দিয়ে পুরোটাই নিয়ে যান দুলাল। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর কাছে ধানের অংশ চাইলে তিনি দেই-দিচ্ছি বলেন। একপর্যায়ে দুলাল ওই জমি তাঁর দাবি করেন। এ নিয়ে দুলালের সঙ্গে শিক্ষকদের কথা-কাটাকাটি হয়। এতে দুলাল ক্ষিপ্ত হয়ে গত ২৮ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, ছয় সহকারী শিক্ষক, নৈশপ্রহরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ নয়জনকে আসামি করে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উদ্দিনকে ওই মামলার তদন্তের নির্দেশ দেন। কিন্তু চেয়ারম্যান দুষ্কৃতকারীদের প্ররোচনায় মিথ্যা ঘটনাটিকে সত্য উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, যথাযথ তদন্ত করেই প্রতিবেদন দেওয়া হয়েছে। ওই জমির প্রকৃত মালিক দুলাল মিয়া।