ঠাকুরগাঁও জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে জুতা দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ দুটি ঘটনায় গতকাল সোমবার অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
গতকাল দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করছেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে তাঁদের অভিযোগ শোনার পর তাঁরা তালা খুলে দেন।
ওই সময় যৌন নির্যাতনের শিকার ছাত্রী তার অভিভাবককে নিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নালিশ করে। ওই ছাত্রী অভিযোগ করে, বিদ্যালয়ের শিক্ষক মোজাহারুল ইসলাম কয়েক দিন ধরে তাকে নানাভাবে কুপ্রস্তাবের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। এতে সে রাজি না হওয়ায় ওই শিক্ষক তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে বলে বারবার ভয় দেখাতে থাকেন। গতকালও তাকে পরীক্ষার হলে একই প্রস্তাব দিয়েছেন বলে ওই ছাত্রী দাবি করে। ছাত্রীর বাবা বলেন, ‘শিক্ষক হলো বাবার সমান। তাঁদের কাছ থেকে এমন আচরণ আমরা আশা করি না। আমরা ওই শিক্ষকের বিচার চাই।’ এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোজাহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার সময় গণিত বিষয়ের শিক্ষক মোশারফ হোসেন গতকাল তৌশিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে চড়-থাপ্পড় ও পায়ের জুতা খুলে বেধড়ক পিটিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েই বাইরে বেরিয়ে পড়ে ও বিক্ষোভ করে।
তৌশিকুল ইসলাম বলে, ‘স্যারের কাছে আমি অষ্টম ও নবম শ্রেণীতে প্রাইভেট পড়তাম। দশম শ্রেণীতে উঠে তাঁর কাছে প্রাইভেট না পড়ায় তিনি আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। ঘটনার সময় আমি তার কাছে জানতে চেয়েছিলাম, ব্যবহারিকের চিত্র দেখে আঁকা যাবে কি না। এতেই তিনি খেপে গিয়ে মারধর শুরু করেন।’
তৌশিকুলের সহপাঠী আশিকুর ও আরমান বলে, ‘স্যারের মারধর দেখে আমরা সহ্য করতে না পেরে পরীক্ষার কক্ষ থেকে বেরিয়ে পড়ি। স্যার আমাদের শাসন করতেই পারেন, কিন্তু গরুর মতো মারধর করা ঠিক না। তাঁর মারধরের ঘটনা দেখে মনে হয়েছে, তিনি আগের কোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছেন।’
অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘ছেলেটির বাবা আমাকে তাঁর ছেলেকে দেখে রাখার দায়িত্ব দিয়েছিলেন। সেই অধিকারে তাকে একটু শাসন করেছি। তবে আমার মনে হচ্ছে, জুতা দিয়ে তাকে মারধর করা ঠিক হয়নি।’ বিদ্যালয়ের অধ্যক্ষ নলিনী মোহান্ত বলেন, দুটি ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনা তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসকে (সার্বিক) দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর প্রতিবেদন পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।