জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দকে বিভাগের তিন শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষককে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভাগের ছয়জন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা, সেমিনার লাইব্রেরির কার্যক্রম বন্ধ রেখে রাজনৈতিক সভার আয়োজন, পরীক্ষার অধ্যাদেশ লঙ্ঘন করে ল্যাব টেকনিশিয়ান দিয়ে অসৎ উদ্দেশ্যে পরীক্ষার টেবুলেশন শিট তৈরি করা, দীর্ঘ সময়ে বিভাগে অনুপস্থিত থাকা, দুজন শিক্ষিকাকে গালাগাল, হুমকি দেওয়ানসহ নানা অনিয়মের বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয় এবং তথ্য-প্রমাণসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করেন অধ্যাপক আলী আকন্দ। ওই ঘটনার পর বিভাগের শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে আলী আকন্দের বিরুদ্ধে লিখিতভাবে পাল্টা অভিযোগ তোলেন।খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১৭ সেপ্টেম্বর বিভাগের নয়জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে লিখিতভাবে বিভাগীয় সভাপতি আলী আকন্দের বিরুদ্ধে আর্থিক বিষয় এবং অফিস ব্যবস্থাপনায় অনিয়ম ও তাঁর দায়িত্বহীনতার কারণে বিভাগে স্থবিরতার সৃষ্টি হয়েছে দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। ১৮ সেপ্টেম্বর বিভাগের নয়জন শিক্ষক আলী আকন্দকে ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সভাপতির পদ থেকে পদত্যাগের আহ্বান জানান। কিন্তু তিনি পদত্যাগ না করায় ২৬ সেপ্টেম্বর অভিযোগকারী ওই শিক্ষকেরা বিভাগের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই দিন বিভাগীয় সভাপতির বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।প্রশাসনের পক্ষ থেকে সহউপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু ওই কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি। এর মধ্যে ওই কমিটির সভাপতির পদ থেকে সহউপাচার্য ফরহাদ হোসেন পদত্যাগ করেন। পরে গত সোমবার কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিনকে ওই কমিটির সভাপতি করা হয়।উদ্ভিদবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের সভাপতি আলী আকন্দের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেন বিভাগের ১০ জন শিক্ষক। একই দাবিতে গতকাল বুধবার থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেন তাঁরা। বেলা দুইটার দিকে ভেতর থেকে বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন পদত্যাগ দাবিকারী শিক্ষকেরা।সন্ধ্যা ছয়টার দিকে বিভাগের মূল ফটকের বাইরে উপস্থিত সাংবাদিকদের কাছে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন আলী আকন্দ। এ সময় ওই শিক্ষকেরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি করে আলী আকন্দের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।একপর্যায়ে বিভাগের অধ্যাপক আবুল খায়ের ও জাহেদ উদ্দিন মাহমুদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সভাপতি আলী আকন্দকে সেখান থেকে সরিয়ে তাঁর কক্ষের দিকে নিয়ে যান। এ সময় বিভাগের করিডরে অধ্যাপক মোহাম্মদ তালিম হোসেন, সহযোগী অধ্যাপক ছালেহ আহম্মদ ও মো. নূহু আলম সভাপতি আলী আকন্দকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে অধ্যাপক আবুল খায়ের ও জাহেদ সভাপতি আলী আকন্দকে উদ্ধার করে প্রথমে উপাচার্যের বাসভবনে নিয়ে যান। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। শিক্ষক তালিম হোসেন, ছালেহ আহম্মদ ও নূহু আলম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সভাপতির পদত্যাগসংক্রান্ত কিছু পোস্টার বিভাগে লাগিয়ে ছিলাম। কিন্তু সকালে সভাপতি ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এরপর দুপুরে আমরা তাঁর কাছে বিষয়টি জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করলেও পরে স্বীকার করেন। সন্ধ্যার দিকে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ করার সময় আমরা এর প্রতিবাদ করলে সভাপতি আমাদের দিকে তেড়ে আসেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের এক সহকর্মীকে লাথি মারতে এলে পড়ে গিয়ে ব্যথা পান।’এ ব্যাপারে মোহাম্মদ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষক হয়ে অন্য শিক্ষকদের হাতে এভাবে লাঞ্ছিত হওয়ার চেয়ে মৃত্যুও অনেক ভালো। অন্যায়ের প্রতিবাদ করায় আজ আমাকে এভাবে লাঞ্ছিত হতে হলো।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ও শিক্ষকদের মধ্যকার ঘটনাটি উপাচার্যকে জানানো হয়েছে।