সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭২ নম্বর কুমাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বিরোধ চলছে। এর জেরে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে।
শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৯ সালে স্থানীয় শিক্ষানুরাগী আবদুল বারী ও আয়ুব আলীর দান করা ৩৩ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে সরকারীকরণ হয়। চারজন শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন প্রধান শিক্ষক শিল্পী আরা খাতুন, সহকারী শিক্ষক নূরজাহান খাতুন, আঞ্জুমান আরা খাতুন ও হাফিজুর রহমান। শিক্ষার্থীর সংখ্যা ১৪১।
গতকাল রোববার বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সাতজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলে, ‘প্রায়ই ম্যাডামরা ঝগড়া করেন।’
সহকারী শিক্ষক নূরজাহান খাতুন বলেন, প্রধান শিক্ষক তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন তিনি। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, ৭ এপ্রিল প্রধান শিক্ষক শিল্পী আরা খাতুন সহকারী শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।
সহকারী শিক্ষক হাফিজুর রহমান বলেন, ২০১৪ সালে ২১৬ জন শিক্ষার্থী ছিল। ২০১৫ সালেও ১৫০ জন ছিল। এ বছর খাতাপত্রে ১৪১ জন শিক্ষার্থী থাকলেও বিদ্যালয়ে নিয়মিত আসে অর্ধেক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বিরোধের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করে প্রধান শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা চলছে। বিষয়টি দেখার জন্য তাঁকে উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব দিয়েছেন। তদন্ত করা হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।