শিক্ষকদের বিরোধে ফলাফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় (প্রথম বর্ষ) অংশ নেওয়া বগুড়ার ধুনটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৯ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। ধুনট কেন্দ্রের সচিব ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বকেয়া পাওনার অভিযোগ করায় উপপরীক্ষা নিয়ন্ত্রক তাদের ফলাফল স্থগিত করে।বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র-সচিব এবং ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের মধ্যে বিরোধের জেরে ১৬৯ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ধুনটের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে ওই কলেজের অধ্যক্ষ ফজলুল হক এ কেন্দ্রের সচিবের দায়িত্ব পান। এ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চিকাশী এবং কান্তনগর কারিগরি কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্রের জন্য কেন্দ্র-সচিব অতিরিক্ত অর্থ দাবি করেন। কিন্তু ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা তাঁকে অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানান। এতে ওই অধ্যক্ষ প্রতিষ্ঠানগুলোর ১৬৯ জন পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরপত্র ছিঁড়ে ফেলেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সই জাল করে শুধু পাস নম্বর দিয়ে বোর্ডে পাঠিয়ে দেন। এ বিষয়ে কান্তনগর কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান কারিগরি শিক্ষা বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ফজলুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফজলুল ওই দুই প্রতিষ্ঠানের কাছে কেন্দ্র ফি এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ বকেয়া ৪২ হাজার ৬০০ টাকা পাওনার বিষয়ে গত ১১ সেপ্টেম্বর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপপরীক্ষা নিয়ন্ত্রক ২০ সেপ্টেম্বর ওই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল স্থগিতের নির্দেশ দেন।চিকাশী কারিগরি কলেজের অধ্যক্ষ আয়নাল হক বলেন, ‘আমরা পরীক্ষার শেষেই কেন্দ্র এবং শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার পাওনা ফি কেন্দ্র-সচিব ফজলুল হককে দিয়েছি। এর পরও ১৬৯ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।’কেন্দ্র-সচিব ফজলুল হক বলেন, ‘চিকাশী ও কান্তনগর কলেজের অধ্যক্ষদের কাছে কেন্দ্র ও শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৪২ হাজার ৬০০ টাকা পাওনা আছি। এই টাকা না পেয়ে আমি তাঁদের বিরুদ্ধে বোর্ডে অভিযোগ করেছি।’ এ ছাড়া তিনি শিক্ষার্থীদের নম্বরপত্র ছিঁড়ে ফেলা এবং শিক্ষকদের সই জাল করে নম্বরপত্রে পাস নম্বর দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হামিদ বলেন, ‘কেন্দ্র-সচিবের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমি ওই দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করে কোনো সহযোগিতা পাইনি। তাঁরা ফি ও পরিশোধ করেননি। এ কারণে আমি ফলাফল স্থগিত করেছি।