শিক্ষকদের বেতন অনিশ্চিত বাকিতে চলছে পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২০ দিন প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তার পদ শূন্য থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মার্চ মাসের বেতন-ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে। শীর্ষ কর্মকর্তাদের স্বাক্ষর ছাড়া অর্থ ছাড় না হওয়ায় প্রায় ১৩ লাখ টাকা বাকিতে জ্বালানি কিনে চলছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন।এ পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত রোববার সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন অনুষদের অধিকর্তাদের (শিক্ষক প্রতিনিধি) সঙ্গে জরুরি সভা করেছে। সভায় প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং উচ্চশিক্ষার্থে ও চিকিৎসার্থে বিদেশ গমন বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো পূরণ করার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ও আচার্যের কাছে জোর দাবি জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মো. সাইয়েদুজ্জামান জানান, গত ২৬ ফেব্রুয়ারি থেকে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য থাকায় ২০ দিনে দুই ধাপে বাকিতে জ্বালানি তেল আনা হয়েছে। অর্থ ছাড় না হওয়ায় তেল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে জ্বালানি তেল আনতে হয়েছে। দুই ধাপে নয় হাজার লিটার করে তেল আনতে প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা বাকি হয়েছে। সর্বশেষ তিন দিন আগে তেল নিয়ে আসা হয়েছে। এ তেলে ১০ দিনের বেশি পরিবহনব্যবস্থা সচল রাখা সম্ভব নয়। পরিবহনের যন্ত্রপাতি কেনায় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বাকি হয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত না এলে পরিবহনব্যবস্থা অচল হয়ে পড়বে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আজহার আলী জানান, সাধারণত মাসের ১৫ তারিখের পর থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কোষাধ্যক্ষের স্বাক্ষর ছাড়া বেতন-ভাতা দেওয়া সম্ভব নয়। এ কারণে শিক্ষক-কর্মকর্তাদের মার্চ মাসের বেতন-ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী জানান, রোববার পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।