শিক্ষকদের বেতন ঠিকমতো হয় না, ব্যাহত হচ্ছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অধ্যক্ষ ও পিয়ন দিয়েই মূলত চলছে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম। অভিযোগ আছে, কলেজের ব্যাপারে সব সিদ্ধান্ত অধ্যক্ষ একাই নেন। শিক্ষকেরা দীর্ঘদিন ধরে ঠিকমতো বেতন পান না। ঠিকমতো ক্লাসও হয় না।এটি প্রত্যন্ত কোনো অনগ্রসর এলাকার একটি কলেজের চিত্র নয়। শিক্ষক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনাকারী এ প্রতিষ্ঠানের অবস্থান খোদ রাজধানীর মিরপুরে। কলেজটির নাম শেরেবাংলা টিচার্স ট্রেনিং কলেজ। প্রশিক্ষিত শিক্ষক তৈরির লক্ষ্যে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় শেরেবাংলা টিচার্স ট্রেনিং কলেজ। প্রথমদিকে ভালোভাবেই চললেও পরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে কলেজটি ডুবতে বসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে তাদের লাল তালিকাভুক্ত ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি এই কলেজ। এটি কার্যক্রম চালাচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে। নানা দুর্বলতার কারণে এমপিওভুক্ত না হতে পারলেও নিজস্ব ক্যাম্পাসের জন্য পল্লবীর রূপনগরে খাসজমির ব্যবস্থা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।কলেজটিতে পাঁচজন নিয়োগপ্রাপ্ত এবং আটজন খণ্ডকালীন প্রভাষক রয়েছেন। কয়েকজন শিক্ষক বলেছেন, তাঁদের কলেজের কোনো কাজে রাখা হয় না। অধ্যক্ষ আর পিয়ন মিলেই চালান কলেজ। কলেজ সূত্র জানায়, পরীক্ষা শুরু ও শেষের তারিখের বিষয়ে অধ্যক্ষ নিজেই সিদ্ধান্ত নেন। পরীক্ষার হলে প্রশ্ন বিতরণ ও গার্ড দেওয়ার মতো কাজ করেন পিয়ন। মাঝেমধ্যে অধ্যক্ষ এসে হলে ঘুরে যান।পরীক্ষাসংক্রান্ত বিষয়ে শিক্ষকদের সংশ্লিষ্ট না করা এবং পিয়নের গার্ড দেওয়ার ব্যাপারে কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি তো প্রশ্ন প্রণয়ন করতেই পারি।... পরীক্ষার হলে শিক্ষক থাকেন, তাঁর সঙ্গে পিয়ন থাকে। শিক্ষক ছাড়া হলে পিয়ন থাকবে বিষয়টি কেমন না! কেউ শত্রুতা করে আপনাকে এসব তথ্য দিয়েছে।’এক বছরে ৪০ ক্লাস: নিয়মিত বেতন না হওয়ায় শিক্ষকেরা নিয়মিত ক্লাসও নেন না। জানা যায়, এ বছর প্রথম টার্ম পরীক্ষার আগে মোটামুটি ক্লাস হয়েছে। বিষয়টি স্বীকার করে কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এ বছর সর্বোচ্চ ৪০টি ক্লাস হয়েছে। শিক্ষকদের বেতন দেওয়া হয় না বলে তাঁরা ক্লাস নিতে মনোযোগী হন না। ঠিকমতো ক্লাস না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা বলছেন, কলেজের পরীক্ষায় পার পাওয়া সহজ হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের পরীক্ষা নিয়ে তাঁরা চিন্তিত।টাকার বিনিময়ে থিসিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে হলে ২৫ নম্বরের বাধ্যতামূলক থিসিস পেপার জমা দিতে হয়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, এবার ৫০০ টাকার বিনিময়ে থিসিস ‘করে দিয়েছেন’ অধ্যক্ষ নিজেই। অভিযোগ উঠেছে, গত বছরের শিক্ষার্থীদের করা থিসিসগুলোর প্রচ্ছদপৃষ্ঠা পরিবর্তন করেই এ বছরের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বিষয়টি আড়াল করতে এবার নির্দেশনা দেওয়া শিক্ষকের নাম বদলানো হয়েছে কেবল। ফল নিম্নমুখী: ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটির শিক্ষার্থীরা কয়েক বছর ভালো ফল করে আসছিলেন। কিন্তু ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটির ফল ক্রমেই খারাপ হতে থাকে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ফল খুব খারাপ হয়েছে। গ্রন্থাগার দেড় বছর বন্ধ: কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য একটি গ্রন্থাগার রয়েছে। সূত্র জানিয়েছে, গত দেড় বছর ধরে গ্রন্থাগারটি তালাবদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, পরীক্ষার আগে তাঁদের বই কিনে পড়তে হয়। অথচ ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীরা ২০০ টাকা করে গ্রন্থাগার ফি দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ বলেন, গ্রন্থাগারিক নেই বলে গ্রন্থাগার বন্ধ আছে। শিক্ষকদের বেতন নেই আড়াই বছর: দীর্ঘদিন বেতন পান না বলে কলেজের শিক্ষকেরা অভিযোগ করেছেন। কয়েকজন বলেছেন, ২০০৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে শিক্ষকেরা বেতন পান না। কয়েকজন শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কলেজে নিয়মতান্ত্রিকভাবে কোনো কাজ হয় না। কলেজের পরিচালনা পর্ষদের কোনো কমিটি নেই। এ শিক্ষকেরাসহ কেউই নাম প্রকাশ করতে চাননি।একটি সূত্র জানায়, গত কয়েক বছর ধরে কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমছেই। এখন শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৭ জন। এ কারণে কলেজের আয়ও কমে গেছে।শিক্ষকদের বেতন অনিয়মিত হওয়ার কথা স্বীকার করেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন।