শিক্ষকদের বেতন তোলেন দাদন ব্যবসায়ীরা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দাদন ব্যবসায়ীদের হাতে জিমিঞ্চ হয়ে পড়েছেন শিক্ষকেরা। অভাবী ও বিপদগ্রস্ত স্কুল-কলেজের শিক্ষকদের বেতনের চেক বন্ধক রেখে ব্যবসায়ীরা চড়া সুদে ঋণ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, বেতন উত্তোলনের চেকবইয়ের সব পাতায় অগ্রিম সই করে দাদন ব্যবসায়ীদের কাছে জামানত রেখে টাকা নিতে হয়। শিক্ষকদের বদলে মাস শেষে চেকবই দিয়ে বেতনের টাকা তোলেন দাদন ব্যবসায়ীরা। এতে ঋণের নয়, সুদের টাকা পরিশোধ হয়। এ কারণে শিক্ষকেরা বেতনের টাকা তুলতে পারেন না। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভোগেন শিক্ষকেরা। এতে শ্রেণীকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারেন না বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এভাবে শিক্ষকদের কাছ থেকে বেতনের চেক বন্ধক রেখে দাদন দেওয়াকে বেআইনি উল্লেখ করেছেন। তিনি জানান, এখানে ব্যাংক ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ব্যর্থতা রয়েছে। যার কারণে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। এখানে আইন প্রয়োগের চেয়ে ব্যাংক ও এনজিওগুলোকে উদ্যোগী হতে হবে। শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কোটালীপাড়ার ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, দাদন ব্যবসায়ী ও দাদন নেওয়া শিক্ষকদের একটি তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় ২৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন এক হাজার ৩৩৬ জন শিক্ষক আছেন। এর প্রায় অর্ধেক শিক্ষকের বেতনের চেক দাদন ব্যবসায়ীদের কাছে বন্ধক আছে।সরেজমিনে জানা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো না কোনো শিক্ষকের বেতনের চেক বন্ধক রয়েছে। এর মধ্যে পিঞ্জুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয় অন্যতম। এ বিদ্যালয়ের অফিস সহকারী আকতার হোসেন হাওলাদার জানান, বিদ্যালয়ের ১৩ জন শিক্ষকের মধ্যে ১১ জনের বেতনের চেকবই দাদন ব্যবসায়ীদের কাছে বন্ধক রয়েছে।ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছিলাম না। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা এনে মেয়ের বিয়ে দিয়েছি। প্রতি মাসে বেতনের টাকা দিয়ে সুদের টাকা পরিশোধ করতে হয়। ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে দাদন ব্যবসায়ীদের কাছে যেতে হতো না।’গোপালপুর করিমুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক এম এ সোবাহান জানান, ফেরধরা গ্রামের ইউসুফ মাস্টার ঘাঘর বাজারের এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে দাদন নিয়েছিলেন। অবসর ভাতার (পেনশন) পাঁচ লাখ টাকা দিয়ে ইউসুফ মাস্টার দাদনের কবল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু এখন তিনি সর্বস্বান্ত।উপজেলার দাদন ব্যবসায়ী পুণ্য চন্দ্র পোদ্দার বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটকের পর এই ব্যবসা ছেড়ে দিয়েছি। আগে যারা দাদন নিয়েছিল, শুধু তাদের সঙ্গে ব্যবসা আছে।’ বাসু সাহা বলেন, ‘আগের থেকে ব্যবসা কমিয়ে দিয়েছি। এখন আর চেক রাখি না। বিশ্বাসের ওপর মানুষকে টাকা দিই।’ দাদন ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জশদা জীবন সাহা বলেন, ‘এখন ব্যবসা নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগ ছিল ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে। আমরা পাঁচজন গ্রেপ্তার হয়েছিলাম। দুদক মামলা করেছিল। তবে সত্যতা পায়নি। খালাস পেয়েছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘শিক্ষকেরা কে, কার কাছ থেকে কত টাকা দাদন নিয়েছেন, কত পরিশোধ করেছেন, এর হিসাব দাখিল করতে শিক্ষকদের বলা হচ্ছে।’কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামরুল হাসান বলেন, ‘অসংখ্য অভিযোগ রয়েছে। শিক্ষকেরা দাদনের ফাঁদে পড়ার কারণে দিন দিন শিক্ষার মান কমে যাচ্ছে। শিক্ষকদের জীবন ও পরিবারে দুর্দশা নেমে এসেছে। তাই শিক্ষা কর্মকর্তার কাছ থেকে হিসাব নিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষকদের পরিত্রাণের উদ্যোগ নিয়েছি।’