শিক্ষকদের বেতন বাড়ার ঘোষণা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা এক ধাপ বৃদ্ধি করে দ্বিতীয় শ্রেণী ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনসহ আনুষঙ্গিক কাজ শেষ করা হয়েছে।
নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মূল বেতন হবে প্রশিক্ষণপ্রাপ্তদের ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের পাঁচ হাজার ৯০০ টাকা। এখন প্রশিক্ষণপ্রাপ্তরা পাঁচ হাজার ৫০০ ও প্রশিক্ষণবিহীনরা পাঁচ হাজার ২০০ টাকা পাচ্ছেন।
সহকারী শিক্ষকদের মূল বেতন স্কেল প্রশিক্ষণবিহীনদের ক্ষেত্রে চার হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে চার হাজার ৯০০ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে চার হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ২০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রেজিস্টার্ড থেকে সদ্য সরকারি হওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষকেরাও এই সুবিধা পাবেন। প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বেতন বৃদ্ধির প্রস্তাবিত কাঠামো বৈষম্যমূলক বলে অভিযোগ করেছেন সহকারী প্রাথমিক শিক্ষকেরা। তাঁরা ওই প্রস্তাব পুনর্বিবেচনা করে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেল দেওয়ার দাবি জানিয়েছেন।