শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকদের বেতন-ভাতা ও সম্মানী বাড়ানোর বিষয়ে আন্তরিক। তুলনামূলকভাবে শিক্ষকদের বেতন-ভাতা ও সম্মানীর পরিমাণ কম হলেও দেশের কথা চিন্তা করে তাঁদের কাজ করে যেতে হবে। গতকাল রোববার বিকেলে পাবনার বেড়া উপজেলায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলমাহমুদ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আ হ ম ফজলুর রহমান। বেড়া উপজেলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের বাসভবনে এ মতবিনিময় সভা হয়।শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য এক বছরের বেশি সময় ধরে শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। এমনকি বিরোধী দলের মতামতও নিয়েছে সরকার। সবার মতামত ও সুপারিশের ভিত্তিতে নতুন শিক্ষানীতি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এই শিক্ষানীতি সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন তিনি।এর আগে শিক্ষামন্ত্রী পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে সিলেট বোর্ডের সদ্য প্রয়াত চেয়ারম্যান আবদুল খালেকের বাড়িতে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত শুক্রবার আবদুল খালেক মারা যান।