প্রায় ১০ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানিকগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিপাকে পড়েছেন। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষাবিস্তারে প্রকল্প গ্রহণের মাধ্যমে তিন বছর মেয়াদি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু হয়। এর পর থেকে সরকারি অর্থায়নে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে জেলায় এ প্রকল্পের চতুর্থ পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে জেলায় ৫৯টি কেন্দ্রে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। গত বছরের ৩০ জুন প্রকল্পের তৃতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যায়। এরপর জুলাই মাস থেকে এসব কেন্দ্রের শিক্ষক ও জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।
সূত্র আরও জানায়, এ কার্যালয়ে ছয়জন কর্মকর্তা ও কর্মচারী আছেন। প্রতি মাসে অফিসভাড়াসহ আনুষঙ্গিক ১৪-১৫ হাজার টাকা খরচ হয়। গত জুলাই মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবারের ব্যয় মেটানোর পাশাপাশি অফিসের ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
চার থেকে ছয় বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, ধর্মীয় রীতি ও মূল্যবোধ বৃদ্ধিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়। এসব শিশু শিক্ষার্থীকে বিনা মূল্যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, মাদুর, স্টক রেজিস্টার, হাজিরা খাতা, পাঠদানের বই, পরিদর্শন বই, অনুশীলন খাতা, সাইনবোর্ড, মাসিক মূল্যায়ন ফরমসহ আনুষঙ্গিক শিক্ষা উপকরণ দেওয়া হয়।
তবে চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই, ব্ল্যাকবোর্ড, চক, হাজিরা ও অনুশীলন খাতা দেওয়া হয়নি। অন্যের পুরোনো বই ও বাইরে থেকে অন্যান্য শিক্ষা উপকরণ কিনতে হচ্ছে অভিভাবকদের। এতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। সরেজমিনে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সদর উপজেলার দীঘি মাঝিপাড়া সর্বজনীন দুর্গামন্দির কেন্দ্রে গিয়ে দেখা যায়, মন্দিরঘরের ভেতরে জায়গা না থাকায় বাইরে পাটিতে পাঠদান চলছে। এ সময় ১৬ জন শিশুকে পুরোনো বই ও বাইরে থেকে কেনা স্লেট নিয়ে পড়তে ও লিখতে দেখা যায়।
শিক্ষক স্বপন চন্দ্র হালদার বলেন, এই কেন্দ্রে ৩০টি শিশু রয়েছে। ১০ মাস ধরে তিনি বেতন পাননি। শিশুদের হাজিরা খাতা ও বইও দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়েছে।
সদর উপজেলা ছাড়াও সাটুরিয়া, সিঙ্গাইর, হরিরামপুর, ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
জানতে চাইলে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসাইন বলেন, বরাদ্দের অর্থ ছাড় না হওয়ায় তাঁরাও বিপাকে আছেন। গত বছরের ২৩ ডিসেম্বর একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় প্রকল্প অনুমোদন করা হয়েছে। বরাদ্দের অর্থ পেলে এসব সমস্যার সমাধান হবে।