অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগের দাবিতে দিনাজপুরের হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। দিনাজপুর-দশমাইল মহাসড়কে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় শুরু হয়ে এ মানববন্ধন কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস খান, বলরাম রায়, মো. শাহাদাৎ হোসেন খান, উত্তম কুমার মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘এ’ শ্রেণীতে উন্নীত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দক্ষ উপাচার্য নিয়োগ দেওয়া হলেও এখানে ব্যতিক্রম ঘটে। তাই এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়ন এবং গতিশীলতা বাড়াতে আগামী সেপ্টেম্বর মাসে বর্তমান উপাচার্যের মেয়াদ শেষে অভ্যন্তীরণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজন দক্ষ এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে এ পদে নিয়োগের দাবি জানান বক্তারা।