শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ
বঙ্গবন্ধুর আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকার দোহারে চার শতাধিক শিক্ষকের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে।
গত রোববার বিকেলে দোহার উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের মাঝে এ বই বিতরণ করা হয়। এর আগে শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কর্নেল (অব.) সাজ্জাদ জহির। আর উদ্যোক্তা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু পরিষদ ও জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি শেখ এমদাদ।
শেখ এমদাদ চলতি বছর থেকে দোহারে কমপক্ষে একটি গ্রামকে নিরক্ষরমুক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় ২০১২ সালে অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশিত হয়। এখন পর্যন্ত আরবি, উর্দু, চীনা, ইংরেজি ও জাপানি ভাষায় বইটি অনূদিত হয়েছে।