শিক্ষকদের মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখতে বললেন শিক্ষামন্ত্রী
পৃথক বেতন কাঠামো ও মর্যাদা সংক্রান্ত বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখাতে বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। খবর ইউএনবির।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা আমাদের শিক্ষা পরিবারের সদস্য। তাদের সমস্যা আমাদেরও সমস্যা। সরকার তাঁদের ব্যাপারে সচেতন আছে।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। প্রক্রিয়াটি চলছে।’ আলাপ-আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলেও আশা করেন তিনি। আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে তিনি শিক্ষকদের প্রতি দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।
মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদনের পর থেকে শিক্ষকেরা আন্দোলন করছেন। কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনার জন্য বেতন বৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কিন্তু ওই কমিটিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করায় তাঁর সঙ্গে আলোচনায় বসতে শিক্ষকদের আপত্তি আছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেন শিক্ষক নেতারা।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখার দাবিতে কলেজশিক্ষকরাও আন্দোলন করছেন।