শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকদের সামাজিক মর্যাদা, সম্মান ও ভালোবাসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু শিক্ষকদেরও প্রতিশ্রুতি দিতে হবে তাঁরা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলবেন।
দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় ১৩ উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার নিজের দায়িত্ববোধ থেকেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো দ্বিগুণ বাড়িয়েছে। এ জন্য শিক্ষকদের কোনো আন্দোলন-সংগ্রাম করতে হয়নি। কোনো শিক্ষক আর বলতে পারবেন না, যে টাকা বেতন, তা দিয়ে সংসার চলে না। কীভাবে মনোযোগ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, বিশ্বমানের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ করতে হবে। আর তা অর্জনে মূল সৈনিক হলেন শিক্ষকসমাজ।
বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, একজন শিক্ষক হবেন নীতি আদর্শ সম্পন্ন মানুষ। সমাজের অনুকরণীয়। যে পবিত্র দায়িত্ব নিয়ে শিক্ষককেরা এই পেশায় এসেছেন, তা তাঁরা সঠিকভাবে পালন করছেন কি না, শিক্ষার্থীদের জ্ঞানদান করছেন কি না, নিজেরাই বিচার করুন।
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. এস এম ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ, দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন ও জেলা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আহসানুল হক প্রমুখ।