বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এসব কর্মসূচি থেকে শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর দাবি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চারজন শিক্ষককে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননা পাওয়া বিশিষ্ট শিক্ষকেরা হলেন অধ্যাপক রেহমান সোবহান, ড. মনজুর আহমেদ, স্কুলশিক্ষক নুরুল আলম ও প্রয়াত শিক্ষকনেতা জয়নাল আবেদিন চৌধুরী। ‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ জাতীয় উদ্যাপন কমিটি’।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক রেহমান সোবহান বলেন, দেশে দুই ধরনের শিক্ষাব্যবস্থা চালু আছে৷ একটি এলিটদের জন্য, আরেকটি মাতৃভাষায় শিক্ষা৷ এটি বাংলাদেশের একটি বড় সমস্যা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের বেতন বেড়েছে৷ শিক্ষকেরা সবচেয়ে মর্যাদার আসনে আছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের অগ্রগতির মূল প্রাথমিক শিক্ষা৷ জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।