শিক্ষকদের মানববন্ধন, বিচার দাবি
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশে যে অপরাজনীতি চলছে, তা বন্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে হবে। তাঁকে অভিশংসন করতে হবে।
শিক্ষক লাঞ্ছনাকারী সাংসদের প্রয়োজনীয়তা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি করেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীকে মারধর ও ‘ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে মারধর ও কানে ধরে উঠ-বস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
শিক্ষক লাঞ্ছনার বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।
শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
শিক্ষামন্ত্রী আজ জানান, শ্যামল কান্তির বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি সরকারি তদন্ত কমিটি। বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। তাই ওই কমিটি বাতিল করা হয়েছে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল রাখা হয়েছে।