শিক্ষকদের মূল্যায়ন করল শিক্ষার্থীরা
যোগ্যতার ভিত্তিতে জেলা ও উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে সরকার। এবার বিদায়ী শিক্ষার্থীদের গোপন ভোটে কলেজের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে। দেশের নামীদামি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কিশোরগঞ্জের একটি গ্রামে ব্যতিক্রমী এ উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। জানা গেছে, গত সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নে কালটিয়া আরএস আইডিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা গোপন ভোটের মাধ্যমে মূল্যায়ন করেছে তাদের শিক্ষকদের। গোপন ভোটের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মচারী নির্বাচনের ঘটনাটি কিশোরগঞ্জের শিক্ষাঙ্গনকে আলোড়িত করেছে। আতাউর রহমানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহ কামাল। বক্তব্যের আগে সকালে বিদায়ী ১৭৪ জন ছাত্রছাত্রী গোপন ভোটের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মচারী নির্বাচিত করে। শিক্ষার্থীদের ভোটে বিজ্ঞানের প্রভাষক সাবিকুন্নাহার, মানবিকে প্রভাষক বঙ্কিম কিশোর দাশগুপ্ত, ব্যবসায় শিক্ষা শাখায় প্রভাষক মো. জসিম উদ্দিন ও খেলাধুলায় রেজাউল করিম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এ ছাড়া বিদায়ী পরীক্ষার্থীরা গোপন ভোটে শ্রেষ্ঠ অফিস সহকারী হিসেবে আবু সাদাত ও শ্রেষ্ঠ পিয়ন হিসেবে হাজেরা খাতুনকে নির্বাচিত করে। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল গনি বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীরা গোপন ভোটে একটি কলেজের শ্রেষ্ঠ শিক্ষক ও অন্যদের যেভাবে নির্বাচিত করল, তা একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। শিক্ষকদের ছাত্ররা মূল্যায়ন করল—এটি একটি ভালো উদ্যোগ। এতে শিক্ষকেরা শিক্ষার্থীদের উপযুক্ত পাঠদানসহ তাদের সঙ্গে সঠিক আচরণ করার বিষয়টি মাথায় নিয়ে ভবিষ্যতে কাজ করবেন বলে আশা করি।’