শিক্ষকদের মৌন মিছিল, ছাত্রলীগের পাল্টা বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ারুল হক ভুঁইয়াকে মারধর করার প্রতিবাদে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। পরে শিক্ষকেরা এ ঘটনার জন্য দায়ী ছাত্রলীগের কর্মীদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।গতকাল দুপুর ১২টার দিকে সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের কমনরুম সম্পাদক ছাত্রলীগের নেতা বেলায়েত হোসেন, মাসুুদ ও অন্যদের ওপর হামলার অভিযোগ এনে সরকারি সুফিয়া মহিলা কলেজের শিক্ষকদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও কলেজের শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল কলেজ শিক্ষক মিলনায়তনে উপাধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামলাকারীদের বিচার দাবিতে কালো ব্যাচ ধারণ করেন শিক্ষকেরা। সভা শেষে শিক্ষকেরা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এ সময় কলেজের শিক্ষার্থীরা ওই মৌন মিছিলে যোগ দেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষকেরা।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রোববার এমএ শেষ পর্ব পরীক্ষার সময় জেলা ছাত্রলীগের নেতা ও নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক কমনরুম সম্পাদক বেলায়েত হোসেনকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেন কর্তব্যরত শিক্ষক আনোয়ারুল হক ভুঁইয়া। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রলীগ নেতা মঙ্গলবার সন্ধ্যায় ১০-১২ জন সহযোগীকে নিয়ে শিক্ষকদের ওপর হামলা করেন। এতে আনোয়ারুল হক ভুঁইয়াসহ আরেক শিক্ষক আহত হন। দোষীদের উপযুক্ত বিচার না করা হলে এমএ শেষ পর্বের পরবর্তী পরীক্ষাগুলো বর্জন করার ঘোষণা দেন শিক্ষকেরা। সরকারি সুফিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল বলেন, ‘আপাতত আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছি। সব শিক্ষক একত্রে বসে পরবর্তী কর্মসূচি নেব।’ নাজিমউদ্দিন কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি জাহিদ হোসেন জানান, ছাত্রলীগের নেতা-কর্মী এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছিত করার প্রতিবাদে দোষী শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছি। আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।