শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে গতকাল শুক্রবার নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তাঁরা এক সমাবেশ করে শিক্ষক লাঞ্ছনাকারীদের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যপদ থেকে বহিষ্কারের দাবি জানান।

কলেজ থেকে জানা গেছে, গত বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য এম এ মালেক ও সালেহ আহমদের নেতৃত্বে কয়েকজন সদস্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে অধ্যক্ষসহ জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে শিক্ষকেরা তাঁদের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। জেলা প্রশাসন থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে বৃহস্পতিবার শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ঘণ্টার মানববন্ধন করেন।

প্রাক্তন শিক্ষার্থী আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন চিকিৎসক আরিফ মমতাজ, নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থীরা গতকালের মানববন্ধন ও সমাবেশ শেষে ধারাবাহিক কিছু কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ রক্ষার স্বার্থে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।