শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের দ্বন্দ্ব, কলেজ বন্ধ ১১ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের বিরোধের জের ধরে নাটোরের সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (টিবিএম) কলেজ ১১ দিন ধরে বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই কলেজ বন্ধ রাখায় প্রতিদিন শিক্ষার্থীরা কলেজে এসে আবার ফিরে যাচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর কলেজের সাধারণ শিক্ষকেরা পরিচালনা কমিটি গঠনে অনিয়মসহ অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদ জানান। এ সময় অধ্যক্ষ ও তাঁর পরিবারের লোকজন এবং বহিরাগত ব্যক্তিরা শিক্ষকদের ওপর হামলা চালায়। হামলায় শিক্ষক আনছার আলী, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলামসহ সাতজন আহত হন। পরে কয়েক শ এলাকাবাসী অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল, সমাবেশ করেন এবং অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে অধ্যক্ষ ও তাঁর ১২ জন সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। ওই দিন রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পরদিন ১১ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষ ও অন্য শিক্ষকেরা আর কলেজে আসেননি। কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কলেজে এসে ফিরে যাচ্ছে। প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা বলে, ‘শিক্ষকেরা গন্ডগোল করছেন। আর আমাদের ক্লাস হচ্ছে না। কলেজে গিয়ে প্রতিদিন ফিরে আসছি। অভিযোগ করার মতো কাউকে পাচ্ছি না।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, প্রশাসনের নির্দেশে তিনি কলেজ বন্ধ রখেছেন। তবে প্রশাসনের কে তাঁকে কলেজ বন্ধ রাখতে বলেছেন জানতে চাইলে তিনি এর জবাব দেননি।
কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, একই দিনে একই সময়ে পরিচালনা কমিটির সব পদের নির্বাচন হওয়ার কথা থাকলেও অধ্যক্ষ তা করেননি। তাই শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ তাঁর মামাসহ ছয়জন আত্মীয়কে পরিচালনা কমিটির সদস্য করেছেন। এটা মানা যায় না।
পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, পরিচালনা কমিটি গঠনে তিনি কোনো অনিয়ম দেখছেন না। তবে যেসব অভিযোগ এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইউএনও বলেন, ‘এসবের জন্য ক্লাস বন্ধ রাখার দরকার নাই। আমি কলেজ খুলতে বলেছি। কেন অধ্যক্ষ কলেজ খুলছেন না, তা খোঁজ নিয়ে দেখব।’