শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষকেরা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
পশ্চিম খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে গত শনিবার এ ঘটনা ঘটেছে। আর ওই বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক।
এক শিক্ষক বলেন, শনিবার সকালে সভাপতি বিদ্যালয়ে এসেই কোনো কারণ ছাড়াই নারী শিক্ষকদের চুল ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলেন। আর পুরুষ শিক্ষকদের কোপানোর হুমকি দেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফজলুল হক বলেন, শিক্ষকেরা সময় মেনে বিদ্যালয়ে আসেন না। অনেকে অনুপস্থিত থাকেন। এ জন্য তিনি তাঁদের বারবার তাগাদা দেন। এ কারণে শিক্ষকেরা সবাই মিলে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসাইন বলেন, শনিবারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল চার শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঠোফোনে তাঁকে জানিয়েছেন। এরপর তাঁর মাধ্যমে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।