১০০ টাকা বাড়িভাড়া, ১৫০ টাকা চিকিৎসাভাতা—যা শিক্ষকদের সঙ্গে পরিহাস করা ছাড়া আর কিছু নয়। বাস্তবে শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অবিলম্বে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুত স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। গতকাল শনিবার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার কোর্ট রোডের উভয় পাশে দাবিদাওয়া-সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শিক্ষক-কর্মচারীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন ঐক্যজোটের সিলেট বিভাগের সমন্বয়কারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মৌলভীবাজার জেলার সভাপতি মো. ফজলুল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখার সদস্যসচিব মো. ফয়জুর রহমান, সিলেট বিভাগের সভাপতি মো. ফরিদ আহমদ প্রমুখ। দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরি জাতীয়করণ, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো বেসরকারি শিক্ষকদের বয়সসীমা ৬৫ পর্যন্ত বাড়ানো ইত্যাদি।