আবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস

বেতনস্কেল নিয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আবারও জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।
আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে এক বৈঠকের শুরুতে কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী।
সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামোসহ কয়েকটি দাবিতে গত প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন।
এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে অষ্টম বেতনস্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হয়। তখন থেকে শিক্ষকেরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
শিক্ষকেরা বলেছেন, দাবি পূরণ না হলে ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ব্যাহত হতে পারে।
সচিবালয়ে আজকের বৈঠকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা কম সময়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।