শিক্ষকদের সমাজ গড়ার কারিগর হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার সমন্বিত প্রচেষ্টায় জঙ্গি তৎপরতা দুর্বল হয়ে পড়েছে দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও তারা নির্মূল হয়নি। আবারও তারা তৎপরতা চালাবে না, এমন কথা নিশ্চিত করে বলা যাবে না। জঙ্গিবাদ নির্মূল করতে হলে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এখন থেকে তাঁদের সমাজ গড়ার কারিগরও হতে হবে।
রংপুর জিলা স্কুল মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে গতকাল শনিবার দুপুরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন। বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে রংপুর বিভাগের আট জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি গোষ্ঠী যারা দেশের উন্নতি চায় না, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করতে চায়, তারাই ইসলামের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে যুক্ত করছে।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি ইন্ধন দিয়ে দেশটা পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই যেহেতু জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে, সেহেতু শিক্ষকেরাই জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের আগে চিনতে হবে। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদের কুফল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মতবিনিময় করে সন্তানদের নজরদারিতে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে হবে।