
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসে ককটেল হামলাসহ বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এরপর তাঁরা মৌন মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে মানববন্ধন করেন। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের প্রভাষক গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন, সহকারী অধ্যাপক পলাশ কর্মকার, মুশফিকুর রহমান, নিজাম উদ্দিন ও ভক্ত সুপ্রতিম সরকার।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা খুবই উদ্বেগজনক। এসব হামলার সঙ্গে যারাই জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় আনার পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।