শিক্ষকদের সম্মাননা জানাবে আইপিডিসি ও প্রথম আলো
প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে যে আয়োজন, তার উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছিল বিশ্ব শিক্ষক দিবসকে। জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে সোমবার বিশেষ এই দিনেই ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২০’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার অনুষ্ঠানটি হয়েছে ভার্চ্যুয়ালি। অনুষ্ঠানে প্রয়াত দুজন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করা হয়।
‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের শিক্ষকেরা আরও উৎসাহিত হবেন।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে শিক্ষকদের কাছেই বার বার ফিরে যেতে হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম।
শিক্ষকদের জন্য বিশেষ করে স্কুলের শিক্ষকদের জন্য কিছু করার ভাবনা প্রথম আলোর সবসময়ই ছিল বলে জানান সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, গত বছর বেশ সফলভাবে শিক্ষকদের সম্মানিত করার আয়োজনটি হয়েছে। এবারও এই কাজটি অনলাইনে এবং পত্রিকার মাধ্যমে হবে।
আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম, ময়মনিসংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, চট্টগ্রামের কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নিছা খানম ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টস বিভাগের প্রধান মুনির হাসান।
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ও প্রথম আলোর যৌথ আয়োজনে শিক্ষকদের সম্মাননা জানানোর দ্বিতীয় আয়োজন এটি। উদ্বোধনী অনুষ্ঠানটি গতকাল রাত ৯টায় প্রথম আলো’র ফেসবুক পেজে প্রচার করা হয়। আগামী ৫ নভেম্বর পর্যন্ত যে কেউ তাঁর প্রিয় শিক্ষককে এই (www.priyoshikkhok.com) ওয়েব ঠিকানায় গিয়ে মনোনীত করতে পারবেন।