শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয়
সম্মানিত শিক্ষকদের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা মনে আলাদা করে দাগ কাটে। আমরা তাঁদের বলি প্রিয় শিক্ষক। তাঁদের জীবনের আদর্শই হয় পথচলার প্রেরণা। দেশজুড়ে থাকা এমন অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য এবারও অনুষ্ঠিত হচ্ছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’।
শুক্রবার এ উপলক্ষে বগুড়া অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ‘অনলাইন সুধী সংযোগ’। করোনা পরিস্থিতিতে এবার ভার্চ্যুয়াল মাধ্যমে সুধী সংযোগ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি–পেশার বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী বলেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার আয়োজন হচ্ছে ‘ আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’।
অনুষ্ঠানে আইপিডিসি ফিন্যান্সের বগুড়ার সিনিয়র এক্সিকিউটিভ (রেটেইল সেল) উম্মে হাবিবা নীলা বলেন, ‘শিক্ষকতা মহান পেশা। মহান পেশার সঙ্গে যুক্ত আলোকিত মানুষ গড়ার কারিগরদের সম্মাননা জানানোর এ উদ্যোগে প্রথম আলোকে সঙ্গে পেয়ে আমরা গর্বিত।’
প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় অনলাইন সুধী সংযোগে পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য আ ন ম রেজাউল করিম বলেন, শিক্ষকতা মহান পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের সম্মান ও মর্যাদা দিতে হবে। প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননা অনন্য উদ্যোগ।
কবি, কথাসাহিত্যিক ও শিক্ষক বজলুল করিম বাহার বলেন, নানা ক্ষেত্রে শিক্ষকেরা বঞ্চনা ও অবহেলার শিকার। প্রথম আলো শিক্ষকদের সম্মানিত করার যে উদ্যোগ নিয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ শোয়েব শাহরিয়ার অনলাইনে যুক্ত হয়ে বলেন, শিক্ষকেরাই পারেন ঘুণে ধরা এ সমাজকে সঠিক পথে নিয়ে আসতে। শিক্ষকদের যত বেশি সম্মানিত করা হবে সমাজ গঠনে, তাঁরা আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।
বগুড়ার বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক হাছানাত আলী বলেন, শিক্ষকেরা তাঁদের যথাযথ সম্মান থেকে বঞ্চিত। নানা ক্ষেত্রে অবহেলিত, অপমানিত ও নিগৃহীত। প্রথম আলো শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় এ পেশার মর্যাদা বৃদ্ধি পাবে।
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমান বলেন, শিক্ষকেরা নিজেকে উজাড় করে দিয়ে সমাজ ও দেশকে ভালো রাখতে চান। মেধাসম্পন্ন সমাজ গড়তে চান তাঁরা।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন বলেন, শিক্ষকেরা আলোকিত সমাজ গঠনে নিবেদিতপ্রাণ। করোনাভাইরাসে গোটা পৃথিবী যখন স্থবির, তখন শিক্ষকেরা তাঁদের শয়নকক্ষ, ড্রয়িং রুমকে শ্রেণিকক্ষ বানিয়েছেন। একজন শিক্ষকের বাড়ি এখন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। করোনায় অনলাইনে পাঠদানের মাধ্যমে শিক্ষকেরা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বগুড়া জিলা স্কুলের সহকারী শিক্ষক শাফিকুল আলম প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রস্তাব করে বলেন, প্রথম আলো সব সৃজনশীল কাজেই সামনে থাকে। সেরা শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে তারা প্রমাণ করেছে, সব কাজে তারাই সেরা।
টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাকের) বগুড়া জেলা কমিটির সভাপতি মাসুদার রহমান বলেন, প্রথম আলো শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করার কাজ করছে না, বরং নানা সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও দেশগঠনে অনবদ্য ভূমিকা রাখছে।
অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নওগাঁর রানীনগর শের–এ–বাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক কালাচাঁদ শীল, সহযোগী অধ্যাপক গাজী তৌহিদুল আলম চৌধুরী, প্রভাষক ফিরোজ মিয়া, আক্কেলপুর এমআর কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, জয়পুরহাটের কালাই এম ইউ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান, বগুড়ার শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভিন, বগুড়ার ব্যবসায়ী সৈয়দ আহম্মদ কিরণ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বগুড়া জেলা কমিটির সম্পাদক হুমায়ুন ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলো বগুড়া বন্ধুসভার সদস্যরা।
আয়োজকেরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১০ শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। নিয়মানুযায়ী মনোনীত শিক্ষক ও মনোনয়নকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মনোনীত শিক্ষকদের বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। তিনি অবসরপ্রাপ্ত বা কর্মরত হতে পারবেন। একজন মনোনয়নকারী সর্বোচ্চ তিনজনের মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে (www.priyoshikkhok.com) এই ওয়েব ঠিকানায়।