শিক্ষকদের সম্মানী পরিশোধ না করায় পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের সম্মানী পরিশোধ না করায় রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বিএসসি ইন মেডিকেল টেকনোলজি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গত শনিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ ঘেরাও করেন।
আইএইচটি সূত্রমতে, প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধীনে পরিচালিত। ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটিতে বিএসসি কোর্সটি চালু করা হয়। অতিথি শিক্ষক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। এক মাস ক্লাস করানোর বিনিময়ে প্রত্যেক শিক্ষককে প্রায় ৩০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। পরীক্ষা নেওয়ার জন্য তাঁদের আলাদা সম্মানী দেওয়া হয়। আর এই পরীক্ষা অনুষ্ঠানের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।
গত শনিবার থেকে প্রথম ব্যাচের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরুর নির্ধারিত দিন ছিল। ওই ব্যাচে ৫০ জন শিক্ষার্থী রয়েছেন। শনিবার সকালে শিক্ষার্থীরা এসে দেখেন পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা শিক্ষকেরা পরীক্ষা নিচ্ছেন না। কারণ, শিক্ষকদের গত চার বছরের পরীক্ষা নেওয়ার সম্মানী পরিশোধ করা হয়নি। গত রোববার এবং গতকাল সোমবারও তাঁরা পরীক্ষা নেননি।
পরীক্ষা না নেওয়ার ব্যাপারে ওবায়দুল্লাহ ইবনে আলী বলেন, ২০১১ সালের সম্মানী তাঁরা পাননি। পরের তিন বছরের টাকাও পাওনা হয়েছে। তিনি দাবি করেন, পরীক্ষার নেওয়ার বিষয়টি তাঁদের সময়মতো জানানো হয়নি। শনিবার সকাল নয়টায় পরীক্ষার আছে, এ বিষয়টি আইএইচটি থেকে সাড়ে নয়টার সময় চিঠি পাঠিয়ে জানানো হয়।
আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মুনসুর রহমান বলেন, শিক্ষকেরা বিল পাবেন। সেগুলো জমা আছে। বিশ্ববিদ্যালয় দিয়ে দেবে। এ অজুহাতে তো তাঁরা পরীক্ষা বন্ধ করতে পারেন না।
শিক্ষকদের সম্মানী না দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আমানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক কলেজ বিল করে থাকেন। তিনি বলতে পারবেন কেন বিল দেওয়া হয়নি।
এ ব্যাপারে পরিদর্শক কলেজ বিধান চন্দ্র দাস বলেন, বিল প্রদানের একটি নীতিমালা তাঁরা ঠিক করেছেন। এটা ঠিক। কিন্তু বিল প্রদান পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের কাজ।