শিক্ষকদের সম্মানীর টাকা কেটে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষকদের সম্মানী ভাতা থেকে টাকা কেটে রাখার অভিযোগ পাওয়া গেছে। ভ্যাট বাবদ এ টাকা কাটা হয়েছে বলে শিক্ষকেরা জানান। কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ঝালকাঠি সদরের ১৩টি কেন্দ্রে ১৩০ জন শিক্ষক পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রত্যেক শিক্ষককে প্রতিদিন ১৫০ টাকা হারে ভাতা দেওয়ার কথা। পরীক্ষার শেষ দিন ৩০ নভেম্বর একত্রে ছয় দিনের টাকা দেওয়ার সময় কেন্দ্রসচিবেরা শিক্ষকদের ৫৫০ থেকে ৮৫০ টাকা দেন। কিন্তু প্রতিদিন ১৫০ টাকা করে দেওয়া হয়েছে বলে শিক্ষকদের স্বাক্ষর নেওয়া হয়।টাকা কম দেওয়া হচ্ছে কেন, জানতে চাইলে সচিবেরা শিক্ষকদের জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম নিজে সচিবদের টাকা দেওয়ার সময় মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ৫০ টাকা কেটে রেখেছেন। অনেক কেন্দ্রে আবার শিক্ষকদের ছয় দিনে ৫৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকাও দেওয়া হয়েছে। ঝালকাঠি মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সদস্যসচিব রিতা মণ্ডল বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাকে টাকা বুঝিয়ে দেওয়ার সময়ই মাথাপিছু ৫০ টাকা ভ্যাটের কথা বলে কেটে রাখেন। ভ্যাট দেওয়া লাগে কি না, আমি জানি না।’ ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শকদের দায়িত্ব পালনকারী একজন শিক্ষক জানান, তাঁকে ছয় দিনের সম্মানী বাবদ মাত্র ৫৫০ টাকা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, পরিবহন, কেন্দ্র সাজানো, প্যাকেট খরচ ও ভ্যাট বাবদ কিছু টাকা কেটে হয়েছে। ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত এরশাদ বলেন, ‘শিক্ষকদের সম্মানী ভাতা থেকে ভ্যাট বাবদ বা অন্য কোনো খাতে টাকা কেটে রাখার নিয়ম নেই।’