বর্তমান সরকার দীর্ঘ ৪০ বছর পর হলেও জাতির জন্য একটি শিক্ষানীতি দিয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা বাস্তবায়নে কালক্ষেপন করা হচ্ছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষক সমাজের জন্য স্বতন্ত্র বেতনকাঠানো এখন সময়ের দাবি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা মহানগরের গোলকমনি শিশুপার্কে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে শিক্ষক নেতারা এসব কথা বলেন। শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এফ এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহসভাপতি এস এম আবুবকর ও কেন্দ্রীয় উপদেষ্টা এম এ জলিল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লিয়াকত হোসেন, হাবিবুর রহমান, সেলিমা খাতুন, আবদুল মজিদ, সাখাওয়াত হোসেন, ধীমান চন্দ্র বিশ্বাস, এ বি এম এমদাদ আলী প্রমুখ।