বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষকদের হুমকি এবং তাঁদের কক্ষে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।অপরদিকে বিভিন্ন দাবিতে গতকাল সমাবেশ করেছে বুয়েট কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।শিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলেছে। হাতেগোনা দু-চারজন শিক্ষক ছাড়া সবাই আন্দোলন করছেন। তবে দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। যেসব অনিয়ম তুলে ধরা হয়েছে, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি বলে জানান তিনি।শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাতে আন্দোলনরত কিছু শিক্ষককে মুঠোফোনে হুমকি দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বুয়েটের প্রধান ফটক থেকে তালা নিয়ে শিক্ষক সমিতির সহসভাপতি মাকসুদ হেলালী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদের কক্ষে তালা লাগিয়ে দেন।সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্ররোচনায় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী শিক্ষকদের হুমকি দিচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক।জানা যায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল উপাচার্য সব অনুষদের ডিনদের সঙ্গে আলোচনায় বসেন। উপাচার্য তাঁর বক্তব্য লিখিত আকারে শিক্ষক ও গণমাধ্যমের কাছে উপস্থাপন করবেন বলে তাঁদের অবহিত করেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। শিক্ষার্থীরা তাঁদের প্রথম বর্ষের নিবন্ধনের কাজ করেছে। সমপ্রতি সমাপনী পরীক্ষা শেষ হওয়ায় অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ। তাই সেশনজটেরও কোনো সম্ভাবনা নেই।এদিকে বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশে বক্তারা ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে শিক্ষক সমিতির বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তা না করলে শিক্ষকদের সব ধরনের দাপ্তরিক কাজ তাঁরা বন্ধ রাখবেন।বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে গত শনিবার থেকে আন্দোলন শুরু করেছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সহ-উপাচার্য পদটি বিলুপ্তির দাবিও জানানো হয়েছে।