গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের শিক্ষকদের প্রতি ন্যায়সংগত সম-আচরণসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করা করেছেন।আন্দোলনরত শিক্ষকেরা জানান, বাউবির শিক্ষকদের পদোন্নতি, ওপেন স্কুলের অনুষদ সদস্যদের মধ্য থেকে ডিন নিয়োগ, অধ্যাপকের শূন্য পদ পূরণের দাবি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃত বই শিক্ষার্থীদের কাছে বিতরণ, জেএসসি ও বিবিএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখাসহ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বাউবির শিক্ষকেরা তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেছেন। এতে বক্তব্য দেন: প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দীন পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোবায়দা আক্তার, বাউবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মোর্শেদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। বাউবির শিক্ষক জোবায়দা বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর ও বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক ফোরাম আন্দোলনকারী শিক্ষকদের সমর্থন করে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।