শিক্ষকদের 'শাস্তি'র বদলে অন্য শব্দ প্রতিস্থাপিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রস্তাবিত শিক্ষা আইনে শিক্ষকদের ‘শাস্তি’র বদলে অন্য কোনো উপযুক্ত শব্দ প্রতিস্থাপন করা হবে।
গতকাল রোববার সচিবালয়ে প্রস্তাবিত শিক্ষা আইনের ওপর বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের লিখিত মতামত মন্ত্রীর কাছে দেওয়ার পর নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত প্রস্তাবিত ওই আইনের ওপর ২৩৪টি মতামত পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা শ্রদ্ধার পাত্র। “শাস্তি” তাঁদের জন্য সম্মানজনক নয়। তাই অন্য কোনো উপযুক্ত শব্দ প্রতিস্থাপন করা হবে। তবে যেসব শিক্ষক দিনের পর দিন ক্লাসে আসবেন না, ছাত্রী নিপীড়ন করবেন, অন্যায় করবেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি শাস্তির বদলে অন্য কোনো শব্দ ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন জনের মতামত নিয়ে আসন্ন সংসদ অধিবেশনে আইনটি পাসের জন্য উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষকের অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো এই আইন। তিনি সংস্থাটির বিভিন্ন মতামতসহ নয় পাতার একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির আলোকে করা শিক্ষা আইনের খসড়ার ওপর মতামত যাচাইয়ের জন্য গত ৫ আগস্ট খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রথমে গত ২৫ আগস্টের মধ্যে মতামত দিতে বলা হলেও পরে বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে মতামত দেওয়ার সময় ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
গতকাল পর্যন্ত পাওয়া মোট ২৩৪টি মতামতের মধ্যে সরকারি দপ্তর বা সংস্থা থেকে ৩৪টি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৯৪টি ও ব্যক্তি পর্যায় থেকে ১০৬টি মতামত পাওয়া গেছে।